বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকা থেকে সাবিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি, সাবিনাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
নিহত সাবিনা ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালি গ্রামের জাকির হোসেন তালুকদারের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে বরিশাল নগরের কালুশাহ সড়কের লাল মিয়া খলিফার ছেলে হীরা খলিফার (৩২) সঙ্গে সাবিনার বিয়ে হয়। তাঁদের হুমায়রা নামের চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই সাবিনার কাছে যৌতুক হিসেবে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেলের দাবি করে আসছিলেন স্বামী হীরা খলিফা। এ নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় মারধরের ঘটনা ঘটে। নির্যাতন সইতে না পেরে একপর্যায়ে সাবিনা বাবার বাড়ি চলে যান এবং নলছিটির ব্র্যাক কার্যালয়ে অভিযোগ করেন। ঘটনার ১৫ দিন আগে ব্র্যাকের মধ্যস্থতায় সমঝোতার পর তাঁকে বরিশালে ফিরিয়ে আনা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে চার মাস বয়সী কন্যাসন্তান হুমায়রাকে শাশুড়ির কাছে দিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে নিজের কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন সাবিনা। পরবর্তীতে শিশুটি কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে যান, কিন্তু কোনো সাড়া শব্দ পান না। একপর্যায়ে ঘরের পাশের জানালা ভেঙে তাঁরা দেখতে পান, কক্ষের ভিতরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন সাবিনা। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) মর্গে পাঠায়।
নিহতের বাবা জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, সমঝোতার পরও আমার মেয়ের ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরই মধ্যে ঘটনার সাত দিন আগে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান হীরা খলিফা। কারাগারে থাকা জামাই হীরার পরামর্শেই আমার মেয়ের তিন ভাসুর ও দেবর, শাশুড়ি এবং দুই জা মিলে সাবিনাকে হত্যা করেছেন। তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারেন না দাবি করে এই হত্যাকাণ্ডের বিচার ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
একই ধরনের অভিযোগ করেছেন সাবিনার চাচা সোহাগ তালুকদার। তিনি বলেন, ঘটনার কয়েক ঘণ্টা পর ফোন করে সাবিনার গুরুতর অসুস্থতার খবর জানানো হয়। এসে জানতে পারি, লাশ পুলিশ শেবাচিম হাসপাতালের মর্গে নিয়ে গেছে। যৌতুক হিসেবে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেলের দাবি পূরণ না হওয়ায় সাবিনাকে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে।
তবে স্বামী হীরা খলিফা কারাগারে ও তাঁর পরিবারের সদস্যদের না পাওয়ায় অভিযোগের বিষয় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এইচকেআর