টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ
ভোটযুদ্ধে জয়ী হয়েছেন। এতে বেজায় খুশি কর্মী-সমর্থকরাও। তাদের আবেগ-আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে বিজয়ী মেম্বারের গলায়। টাকা ও ফুল দিয়ে তৈরি একাধিক মালা দিয়ে সদ্য নির্বাচিত মেম্বারের গলা সজ্জিত করে চলছে সমর্থকদের বিজয় উল্লাস।
এভাবে হাট-বাজার, পাড়া-মহল্লায় শোভাযাত্রা করে ভোটারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন নেত্রকোনার মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য মো. আমিনুল হক মন্জু। তার গলায় দশ ও একশ টাকার নোট এবং ফুলের মালা। আমিনুল ইসলাম ৪১৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল হাসান পেয়েছেন ২০৯ ভোট।
এর আগে টানা তিনবারের সফল ইউপি মেম্বার ছিলেন আমিনুল ইসলামের বড়ভাই বকুল মিয়া।
আমিনুল ইসলাম বলেন, মানুষ আমাদের পরিবারকে অনেক ভালোবাসে। তাই এর বহিঃপ্রকাশ। তারা আমাকে ভালোবেসে ফুল ও টাকার মালা পরিয়েছে। যেভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, আমি যেন তাদের সেই মান রাখতে পারি সর্বদা সেই চেষ্টা করব।
এমবি