বাকেরগঞ্জে বাসচাপায় বাবা নিহত, ছেলেসহ হাসপাতালে ৬

বরিশালের বাকেরগঞ্জে বাসচাপায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলেসহ ছয়জন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আউলিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রেইনট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেমায়েত রাজা (৪০) বাকেরগঞ্জের সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা রুস্তম রাজার ছেলে। তিনি অটোরিকশাযাত্রী ছিলেন।
জানা যায়, খবর পেয়ে আহত সাতজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে হেমায়েত রাজা মৃত্যুবরণ করেন। আর আশঙ্কাজনক অবস্থায় নিহতের ছেলে নাইমসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশ দুমকি ক্যাম্পের এসআই মো. শাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জানান, শ্রাবনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
ফায়ার সার্ভিস বাকেরগঞ্জ স্টেশনের ইন্সপেক্টর সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের পার্শ্ববর্তী বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাসটি উদ্ধারে কাজ চলছে।
এইচকেআর