চরমোনাই মাহফিলের ময়দানে এসে আসিফ মাহমুদ যা বললেন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম প্রকাশ্যে ব্যানার নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। যেখানে আমাদের দুই সহস্রাদিক ভাই-বোন শহীদ হয়েছেন সেখান থেকে আমরা যারা জীবিত ফিরে এসেছি; ইসলামী আন্দোলন বাংলাদেশসহ যারা সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্যই আমরা সফল হয়েছে। এই দেশ ও দেশের মানুষের জন্য পীর সাহেব হুজুর (মুফতি ফয়জুল করিম) নিজের রক্ত ঝঁড়িয়েছেন।
(২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশালের চরমোনাই দরবারের ফাল্গুনের বার্ষিক মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, আগামী দিনের বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে; তা অব্যাহত থাকবে। চরমোনাই দরবারের দীর্ঘ ১০২ বছরের ইসলাম প্রচার ও প্রসার এবং মানুষের আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে সজিব ভূইয়া বলেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামের প্রচার ও প্রসারে নয়, এ দেশের রাজনীতি এবং মানুষের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেন সহ অন্যান্যরা।