ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

অবসরভাতার দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

অবসরভাতার দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বর্ধিত হারে অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(১১ এপ্রিল) শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতি স্কুল, কলেজ ও মাদ্রাসা বরিশাল জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। 

কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ (অব.) সুভাষ চন্দ্র পাল। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সিটি কলেজ মিলনায়তনে গিয়ে সমাপ্তি হয়।

পরে সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, দেশের মোট শিক্ষাব্যবস্থার প্রায় ৯৫ শতাংশ দায়িত্ব পালন করলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়ে আসছে। কর্মজীবনের পর অবসরকালীন সময়ে এসে তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ছে।

তারা জানান, অবসর গ্রহণের পর ৪ থেকে ৫ বছর পর্যন্ত অবসর ভাতা ও কল্যাণ ভাতা না পাওয়ায় বহু শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসা ও খাদ্যের অভাবে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সমস্যার সমাধানে তাদের একজন হিতাকাঙ্ক্ষী বিপ্লব কান্তি দাস ২০১৯ সালে মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রায় প্রদান করেন। রায়ে বলা হয়, পূর্বের ৬ শতাংশের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশসহ মোট ১০ শতাংশ কর্তনের ভিত্তিতে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বর্ধিত হারে অবসর ভাতা ও কল্যাণ ভাতা অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে প্রদান করতে হবে।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রায় বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা। তারা বলেন, হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় হাজার হাজার শিক্ষক-কর্মচারী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২২ ডিসেম্বর তারিখে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া ৭ এপ্রিল ২০২৬ তারিখে বরিশাল সফরকালে শিক্ষা মন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানানো হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

শিক্ষক নেতারা তাদের ৫ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর ভাতা ও কল্যাণ ভাতা পরিশোধ।বিলম্ব হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফের মতো আনুপাতিক হারে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান।সরকারি কর্মচারীদের ন্যায় উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান। অবসরপ্রাপ্তদের জন্য ন্যায়সংগত আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,আমরা জীবনের সেরা সময় শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করেছি। কিন্তু অবসরে এসে আমাদের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন হয়ে পড়েছে। এটি শুধু আর্থিক নয়, এটি গভীর মানবিক সংকট।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ অব. সুভাষ চন্দ্র পাল বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জীবনের শেষ সময়টুকু সম্মানের সঙ্গে কাটানোর অধিকার রয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়ন হলে তাদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ অব.আনোয়ারুল হক বলেন, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে এই দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হোক। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মো. মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আবুল কাশেম, আনিসুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহে আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বিন ওয়াহিদ, সহ-সভাপতি মো. শাহে আলম, অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ। এছাড়া কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন রফিকুল ইসলাম বাবুল, এবং উপস্থিত ছিলেন আমিনুর রহমান খোকন, হারুন-অর-রশিদসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ