জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সকল সিটি কর্পোরেশন প্রশাসক দায়িত্ব পালনে তাদের যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাবে। প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান।
বুধবার (২২ এপ্রিল) ঢাকায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এই নয়টি সিটি কর্পোরেশন প্রশাসকগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন।
শাহে আলম বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সিটি কর্পোরেশনসমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
প্রকল্প গ্রহণের পর নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসা প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেন। সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরও গতিশীল করার নির্দেশনা দেন তিনি।
মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, যাতে পরবর্তীতে কোনও জটিলতা সৃষ্টি না হয়। তিনি দ্রুত চ্যালেঞ্জ শনাক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনার আহ্বান জানান এবং জ্বালানি সংকটের কারণে কোনও প্রকল্পের কাজ যেন ব্যাহত না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর