ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬

Motobad news

বরিশাল বিভাগে ‍এবার কোরবানির পশুর চাহিদা ৪ লাখ ৭৮৩টি

বরিশাল বিভাগে ‍এবার কোরবানির পশুর চাহিদা ৪ লাখ ৭৮৩টি
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগের ছয় জেলায় এ বছর চাহিদার চেয়ে প্রায় ৬৮ হাজার কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে প্রান্তিক পর্যায়ের গৃহস্থের দাবি, গত বছরের মতো এ বছরও গরুর সংকট হবে। কারণ লাম্পি ও খুরা রোগে আক্রান্ত হওয়ায় প্রান্তিক গৃহস্থদের লালনপালন করা অনেক পশু কসাইদের কাছে বিক্রি করা হয়েছে।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানিয়েছে, বিভাগের ছয় জেলায় এ বছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪ লাখ ৭৮৩টি। কোরবানিযোগ্য পশু রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৪৪৫টি। উদ্বৃত থাকবে ৬৭ হাজার ৬৬২টি।

বিভাগের মধ্যে বরিশাল জেলায় চাহিদা রয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৭৯টি পশুর। কোরবানিযোগ্য পশু রয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৪টি। উদ্বৃত থাকবে ২৪৬৫টি। এ জেলায় ৯ হাজার ১৫৮ জন খামারে ৮০ হাজার ৮০৮টি ষাড়, ১২ হাজার ৮৬১টি বলদ, ১০ হাজার ৪৪৫টি গাভি, ৪০০টি মহিষ, ২৪ হাজার ১৭৯টি ছাগল, ৩০৭টি ভেড়া ও অন্যান্য ৩৪টি পশু রয়েছে।

পটুয়াখালী জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪টি; পশু আছে ১ লাখ ৩৩ হাজার ৭১৮টি। উদ্বৃত থাকবে ২২ হাজার ৪৪টি। ঝালকাঠি জেলায় কোরবানির পশুর চাহিদা ৩০ হাজার ২৮টি, পশু রয়েছে ৩০ হাজার ৫৮৮টি, উদ্বৃত থাকবে ৫৬০টি। এ জেলায় ২ হাজার ১৩৬টি খামারে ৯ হাজার ৮০৮টি ষাড়, ৮ হাজার ৮৭০টি বলদ, ১ হাজার ৭৭৪টি গাভি, ১৩৯টি মহিষ, ৯ হাজার ৯৬৫টি ছাগল ও ৩২টি ভেড়া রয়েছে।

বরগুনা জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৩০ হাজার ১৮২টি। পশু রয়েছে ৪৩ হাজার ৪২৬টি। উদ্বৃত্ত থাকবে ১৩ হাজার ২৪৪টি। ভোলা জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮০ হাজার ৭৪৩টি। পশু রয়েছে ১ লাখ ৩ হাজার ১৭টি, উদ্বৃত থাকবে ২২ হাজার ২৭৪টি। এ জেলায় ১১ হাজার ৬১১টি খামারে ৩০ হাজার ২১০টি ষাড়, ২৩ হাজার ৮১৬টি বলদ, ১১ হাজার ২৪৫টি গাভি, ৪ হাজার ৭২০টি মহিষ, ২৬ হাজার ৪১৮টি ছাগল ও ৬ হাজার ৬০৮টি ভেড়া। আর পিরোজপুর জেলায় কোরবানির পশুর চাহিদা ২১ হাজার ৫৭৭টি, পশু রয়েছে ২৮ হাজার ৬৫২টি। উদ্বৃত্ত থাকবে ৭ হাজার ৭৫টি।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. মাহফুজুল হক বলেন, বিভাগের ছয় জেলায় ৩০৬টি পশুর হাট বসবে এবার। এসব হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে ১২০টি। গরু পরিবহনে নৌ ও সড়ক পথে এবং হাটে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। 

তিনি আরও জানান, কোনো খামারের পশু খুরা ও লাম্পি রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই কোরবানির পশুতে সংকট হওয়ার সম্ভাবনা নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন