বরিশালে ঈদের ছুটিতে ৬ হত্যাসহ ১৮ জনের প্রাণহানি

পবিত্র ঈদুল আজহার আনন্দ আর উদ্যাপনের ছুটির মধ্যেই রক্তক্ষয়ী ও বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাজুড়ে। ঈদের ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পৃথক সহিংসতায় ৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এছাড়া পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে আরও ১৮ জনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে মোট ২৪ জনের এমন আকস্মিক প্রাণহানির ঘটনায় স্থানীয় জনমনে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন থেকে শনিবার (৩০ মে) পর্যন্ত এসব ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডলো পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া
শনিবার (৩০ মে) মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত তাজুল ইসলাম সম্প্রতি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। তার বাবার নাম ফারুক হাওলাদার। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঠবাড়ীয়া
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রাম থেকে দুই ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একই সময়ে আরও এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগর হাওলাদার (৪০) দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুরুজ্জামান কালুর ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।
এছাড়া একই গ্রামের নূর মোহাম্মদ বেপারীর ছেলে কৃষক আবদুর রশিদ বেপারী (৪৫)’র মরদেহ উদ্ধার করা হয়েছে একটি মাদ্রাসার বারান্দা থেকে। অন্যদিকে একই রাতে ওই এলাকা থেকে ইউসুফ পেয়াদা (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি একই গ্রামের সাত্তার পেয়াদার ছেলে। একই রাতে একই ওয়ার্ডের তিনজনের সাথে এমন লোমহর্ষক ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঠবাড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী (পিপিএম) বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। একই সাথে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার এবং এই জোড়া খুনের রহস্য উ˜্ঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।
পিরোজপুর
পিরোজপুরে শুক্রবার (২৯ মে) রাতে নমিতা রানী পালের (৬০)নামের বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নমিতা রানী পালের পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত (৫৫), তাপস দেবনাথ (৪৪) এবং আরও দুজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, ওই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে নমিতা রানী পালকে হত্যা করা হয়েছে। মরদেহে নখের আঁচড়ের চিহ্ন, গলায় আঘাতের দাগ এবং হাতের শাখা ভাঙা অবস্থায় দেখা গেছে। এছাড়া ঘরের দেয়ালে রক্তের দাগও পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মাইনুদ্দিন (৩৫) নামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বজলু নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
দৌলতখান
ভোলার দৌলতখানে ফিমা আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) ফিমা আক্তারকে পিটিয়ে হত্যার পর স্বামীর বাড়ির লোকজন ঘরের মেঝেতে মরদেহ রেখে পালিয়ে যায় । খবর পেয়ে শুক্রবার (২৯ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়েছে। দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের মিঠু হাওলাদার বাড়িতে বৃহস্পতিবার গভীররাতে এ ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, পুলিশ ঘরে কাউকে পায়নি। মেঝেতে পড়ে থাকা নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তদন্ত অব্যাহত আছে। পুলিশ আইনি ব্যবস্থা নিবে। নিহত ফিমা আক্তার ভোলার বোরানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবুল কালামের মেয়ে।
এদিকে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের দাসের ডাঙা এলাকায় দরজা ভেঙ্গে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ইমরান হোসেন সবুজ (২৮) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জোমাদ্দার (৪৫) ও তাঁর ছেলে ইব্রাহিম জোমাদ্দারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
এর আগে এ ঘটনায় নিখোঁজ আরেক জেলে মো. হারুন বিশ্বাসের (৪৫) লাশ মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। ফলে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশই পাওয়া গেল। হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে মঙ্গলবার গভীর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া দুই শিশু হলো বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসার ছাত্র আরাফাত মল্লিক (১০) এবং চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আকাশ (১০)।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, জানান, গোসলে নেমে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে পিরোজপুরের নেছারাবাদে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুমানা ইয়াসমিন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
শনিবার (৩০ মে) সকাল ৯টার দিকে মুলাদীতে সাঁকো থেকে খালে পড়ে সিফাত হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। আগের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিফাত খাল পারাপারের সময় সাঁকো থেকে পড়ে নিখোঁজ হয়। সিফাত হোসেন উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেবরামপুর গ্রামের আজিজুল সরদারের ছেলে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ দাফন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬) ও সোহাগের স্ত্রী খাদিজা খাতুন এবং তাঁদের সন্তান আরমান (৬)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গোপালগঞ্জ থানা-পুলিশের বরাতে স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুত্রসন্তানের বিষয়টি তিনি নিশ্চিত নন।
একই দিন সকাল সোয়া ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নিহত হন। নিহত তামিম ইকবাল গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে। অপর নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত ঢাকা টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
গত শনিবার বিকেলে গৌরনদীতে যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার সকাল ৬ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় গাড়ীর হেলপার মো. আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছে। নিহত আজাদের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত মেহেদীর বাড়ী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম অব্বাস মিয়া। আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাচনাইনপারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে।পরিবারের লোকজন খবর দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ঢাকা-বরিশাল মহাসড়কের মদিনা স্ট্যান্ড, বার্থী বাসস্ট্যান্ড ও বাটাজোর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত। এছাড়া গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত তাজ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
এইচকেআর