অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার, বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।
রোববার রাজধানীর একটি হোটেলে সফররত চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বিশ্ব অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি চীনের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে দেশের অর্থনীতির পুনরুত্থান ত্বরান্বিত করা সম্ভব।
বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে যাত্রা শুরু হয়েছিল, পরবর্তীতে খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা আরও সুদৃঢ় ও গতিশীল হয়েছে।
চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতি বছর চীন থেকে ২২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি ১ বিলিয়ন ডলারের নিচে। এ বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে চীনের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, চীনা সরকার বাংলাদেশি পণ্যে প্রায় শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি ইউনান প্রদেশের কুনমিং শহরে বিনামূল্যে একটি প্রদর্শন কেন্দ্র এবং ২ হাজার বর্গকিলোমিটার সুবিধার স্টোরেজ বরাদ্দ দিয়েছে।
কুনমিং থেকে মিয়ানমার হয়ে চট্টগ্রাম বন্দর ও সড়ক যোগাযোগের নতুন অর্থনৈতিক করিডোর চালু হলে তা বাংলাদেশ ও চীন উভয় দেশের অর্থনীতি ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সফররত চীনা প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি, সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আগামী ৩ অক্টোবর দায়িত্বের মেয়াদ শেষে বাংলাদেশ থেকে বিদায় নিতে যাওয়া রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কূটনৈতিক অবদানেরও প্রশংসা করেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এইচকেআর