শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং

শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র বন্ধ করা এবং শ্রমিকদের ন্যায্য দাবিনামা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে পদ্মা ব্লোয়িং লিমিটেড কারখানায় এক গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) কারখানা প্রাঙ্গণে এ মিটিং অনুষ্ঠিত হয়।
পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউনিয়নের উপদেষ্টা ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার এবং ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বেতন বৃদ্ধিসহ ৭ দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কিন্তু দাবি মেনে নেওয়ার বদলে ওই দিনই ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়। এমনকি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এর আগেও গত বছর শ্রমিকরা দাবিনামা পেশ করার পর ইউনিয়ন সভাপতির ওপর হামলা চালানো হয়েছিল।
সংগ্রাম পরিষদ ও ইউনিয়নের নেতৃবৃন্দ চক্রান্ত ও ষড়যন্ত্রের পথ পরিহার করে অবিলম্বে আলোচনার টেবিলে বসে শ্রমিকদের ৭ দফা ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এইচকেআর