ভোলায় ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় পরিবারের অগোচরে আলিফা (০২) নামে এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আলিফা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. নিরব হোসেনের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে শিশু আলিফার মা শিরিন আক্তার ঘরের রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় আলিফা ঘরে খেলাধুলা করছিল। হঠাৎ শিশুটি পরিবারের অগোচরে বসতঘর থেকে বের হয়। এরপর দীর্ঘসময় ধরে শিশুটির কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।
খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় ভোলা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এইচকেআর