ববিতে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশের দাবিতে স্মারকলিপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভাগভিত্তিক সংঘর্ষ ও মারামারি বন্ধ, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ববি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপাচার্যের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় ববি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব ইমাম হোসেন তাজসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের মেসে সংঘর্ষ এবং মারামারির ঘটনা ঘটছে। ব্যক্তিগত বিরোধের এসব ঘটনা এখন বিভাগভিত্তিক রূপ নিচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।
এতে আরও বলা হয়, পারস্পরিক সহনশীলতার অভাব ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে ছোটখাটো বিরোধ যেকোনো সময় বড় সংঘর্ষে রূপ নিতে পারে। প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাম্প্রতিক সংঘর্ষের নিরপেক্ষ তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে একাডেমিক ও আইনি ব্যবস্থা নেওয়া। ক্যাম্পাস ও সংবেদনশীল এলাকায় প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীদের নজরদারি বাড়ানো। বিভাগভিত্তিক বিরোধ নিরসনে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার দাবি জানান তারা।
সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করতে ক্যাম্পাসে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
ববি প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতে ববি প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। কোন ঘটনার অভিযোগ পেলেই তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এইচকেআর