পিরোজপুরে নমিতা রানী হত্যা মামলায় গ্রেপ্তার আরো এক

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার আসামি কামাল পঞ্চায়েত (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি আভিযানিক দল।
রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকার জামাল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানু এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে আত্মগোপনে থাকা নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকা কামাল পঞ্চায়েত গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে পারিবারিক ও পরকীয়াজনিত বিরোধের জেরে নমিতা রানী কে সন্ধ্যার দিকে হত্যা করা হয়। পরে স্বামী রাধেশ্যাম পাল বাদী হয়ে জিয়ানগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন ২৮ মে বিকেলে তিনি চন্ডিপুর বাজারে যান। পরে রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ফিরে নিজ ঘরের সামনের বারান্দায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।
এইচকেআর