শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
বিরোধপূর্ণ জমিতে ধান চাষে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একপক্ষের নুরুল আমিন সিকদার নামের বৃদ্ধ এয়ারপোর্ট থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ এবং আহতরা জানিয়েছেন, শোলনা এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন সিকদার ২০২৫ সালের ২৪ জুন স্থানীয় জাফর মিয়ার নিকট থেকে ৭ দশমিক ৭৫ শতক জমি ক্রয় করে তা ভোগ দখল করে আসছিলেন।
ওই জমির মালিকানা দাবি করেন মৃত আইয়ুব আলী খানের ছেলে রেদোয়ানুল ইসলাম ও ইয়াসিন খানসহ তাদের স্বজনরা। এর ধারাবাহিকতায় শনিবার ভোরে হঠাৎ করেই রেদোয়ান, ইয়াসিন, কাইয়ুম, ফিরোজ, আল হালিম দেওয়ান, রওশন আরা বেগম, দিমা ইসলাম বৃষ্টি, তাহেরাতুল জান্নাত হিমেল জমিতে ধান চাষ করতে আসে।
এসময় নুরুল আমিন বাধা দিতে গেলে তার ওপর হামলা করে প্রতিপক্ষরা। তাকে রক্ষা করতে গিলে লাঠিসোটা এবং লোহার রড দিয়ে পিটিয়ে মো. আবুল হোসেনের ডান হাত ভেঙে দেয় প্রতিপক্ষরা। এছাড়া জাহিদ হোসেন নামের আরেকজনকে কুপিয়ে জখম করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
অন্যদিকে অপর পক্ষের আহত আইয়ুব আলী খানের রওশন আরা বেগম দাবি করে বলেন, জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ ছিল। এ নিয়ে মামলা হলে সম্প্রতি আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় অমান্য করে প্রতিপক্ষরা আমাদের জমি জবর দখলের চেষ্টা করে।
এতে বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে। হামলায় রওশন আরা বেগম, তার ছেলে রেদোয়ানুল ইসলাম ও এক পুত্রবধূ আহত হয়। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়েছি। থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বলে শুনেছি। তবে অভিযোগপত্রটি এখনো আমার টেবিলে এসে পৌঁছেনি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর